সীরাতুন্নবী (স) সংকলন
প্রকাশনী: কামিয়াব প্রকাশন
পৃষ্ঠা: 80
বাঁধাই: পেপার ব্যাক
সম্পূর্ণ বিবরণ →ইসলামে নবীর মর্যাদা, নবী জীবনের আর্দশ, বিশ্বনবীর চরিত্র গঠন পদ্ধতি, বিশ্বনবীর জীবনে রাজনীতি, রাহমাতুল্লিল আলামীন, রবিউল আউয়ালের পয়গাম ও খুলাফায়ে রাশেদীনের মর্যাদা শীর্ষক প্রবন্ধগুলো একত্র করে সীরাতুন্নবী (স) সংকলন প্রস্তুত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মর্যাদা সম্পর্কে সমাজে নানারূপ বিভ্রান্তি বিরাজমান। ভক্তির আতিশয্যে অনেকে তাঁকে সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে নূরের তৈরি অতিমানব বলে মনে করে। আবার কতক ‘প্রগতিশীল’ লোক তাঁকে আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি না দিয়ে শুধুমাত্র সমাজ সংস্কারক হিসেবে অভিহিত করেন। তাই ‘ইসলামে নবীর মর্যাদা’ শীর্ষক প্রবন্ধে নবীর প্রকৃত মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাসূলের জীবনের আদর্শ, উদ্দেশ্য ও চরিত্র গঠনের নিয়ম-পদ্ধতি সম্পর্কে মানুষ নানা মত ও পথে বিভক্ত। মানব রচিত কোনো পন্থাতেই যে সত্যিকারের মানবীয় চরিত্র গঠিত হতে পারে না, তার জলজ্যান্ত নযীর প্রাচ্য ও পাশ্চাত্যের উন্নত দেশগুলোসহ আমাদের দেশেও বিরাজমান। একমাত্র রাসূলের অবলম্বিত পথেই যে উন্নত মানবীয় চরিত্র গঠিত হওয়া সম্ভব সে বিষয়ে ‘বিশ্বনবীর চরিত্র গঠন পদ্ধতি’ শীর্ষক প্রবন্ধে আলোকপাত করা হয়েছে। অনেক ধার্মিক আলেম, সম্মানিত পীর ও মাশায়েখ রাজনীতিকে খেলাফে তাকওয়া বা হারাম মনে করে অরাজনৈতিক জীবন-যাপন পছন্দ করেন। আবার আধুনিক শিক্ষিত মহলের অনেকেই ইসলামকে রাজনীতি বিবর্জিত একটি সাধারণ ধর্ম মনে করেন। ‘বিশ্বনবীর জীবনে রাজনীতি’ প্রবন্ধে বিশ্বনবীর দায়িত্ব পালন করার জন্য রাজনৈতিক কার্যকলাপ যে অপিহার্য ছিল তা আলোচনা করা হয়েছে। ‘রাহমাতুল্লিল আলামীন’ প্রবন্ধে আলোচনা করা হয়েছে যে, মুহাম্মদ (স)-কে কেবল মানুষের জন্যই নয়; বরং সারা জাহানের জন্য, গোটা সৃষ্টিজগতের জন্য রহমতস্বরূপ পাঠানো হয়েছে। বিশ্বব্যাপী আজ অশান্তির যে আগুন জ্বলছে তা থেকে মুক্তির একই পথ, রাসূল (স)-কে রাহমাতুল্লিল আলামীন হিসেবে মেনে নিয়ে তার প্রদর্শিত পথে চলা। একই তারিখে রাসূল (স)-এর জন্ম ও ইন্তিকালের গভীর তাৎপর্য তুলে ধরা হয়েছে ‘রবিউল আউয়ালের পয়গাম’ প্রবন্ধে। মহান আল্লাহ বিশ্বনবীকে খাতামুন নাবিয়্যিন হিসেবে মহান মর্যাদা দান করেছেন বলেই তাঁর মৃত্যু দিবস পালনের কোনো সুযোগ রাখা হয়নি। নবী রাসূলদের পর খোলাফায়ে রাশেদীনের মর্যাদা সবার উপরে। উম্মতের মধ্যে দীনের অনেক বড় বড় খাদেম, সাধক ও সুফী রয়েছেন। তবে তাদের কারো মর্যাদাই সাহাবায়ে কেরাম, সর্বোপরি খোলাফায়ে রাশেদীনের সমান নয়। এ বিষয়ে যুক্তি গ্রাহ্য আলোচনা পরিবেশন করা হয়েছে ‘খোলাফায়ে রাশেদীনের মর্যাদা’ শীর্ষক প্রবন্ধে। রাসূল (স)-এর প্রকৃত মর্যাদা মূল্যায়নে এ ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহর দরবারে মকবুল হোক; রাব্বুল আলামীনের দরবারে এ দু‘আই করছি। আমীন!