রাষ্ট্রক্ষমতার উত্থান-পতনে আল্লাহ তাআলার ভূমিকা
প্রকাশনী: কামিয়াব প্রকাশন
পৃষ্ঠা: 16
বাঁধাই: পেপার ব্যাক
সম্পূর্ণ বিবরণ →আল্লাহ তাআলা গোটা কুরআন মাজীদের বহু আয়াতে দাবি করেছেন যে, একমাত্র তিনিই আসমান ও জমিনের সব কিছুর স্থায়ীভাবে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। যে যত ক্ষমতার বড়াই করুক এবং ক্ষমতার যত দাপটই দেখাক, কারো ক্ষমতাই নিরঙ্কুশ ও চিরস্থায়ী নয়। ক্ষমতাসীনদেরকে অন্যায়-অবিচারের একটা সীমা পর্যন্ত তিনি সহ্য করেন। ঐ সীমা লঙ্ঘন করলে ক্ষমতা কেড়ে নেন। তিনি মানুষের জন্য দুনিয়ার জীবনটাকে পরীক্ষার ময়দান বানিয়েছেন। ধনী-গরীব, সবল-দুর্বল, শাসক-শাসিত, নারী-পুরুষ সবাই নিজ নিজ অবস্থানে পরীক্ষা দিচ্ছে। যার যা করা উচিত তা করছে কিনা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত রয়েছে কিনা, এর যথাযথ রেকর্ড রাখার ব্যবস্থা তিনি করেছেন। এর ভিত্তিতেই তিনি আখিরাতে পুরস্কার ও শাস্তি দেবেন। দুনিয়ায় তাদেরকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্বাধীনভাবে চলার অবকাশ দিয়েছেন। ঐ সীমা লঙ্ঘন করলে দুনিয়াতেই তিনি পাকড়াও করেন। দুনিয়াতে শাস্তি দেন না; এরেস্ট করেন মাত্র, যাতে আর অন্যায় করতে না পারে। এখন আমাদের আলোচ্য বিষয় হলো, রাষ্ট্রক্ষমতার উত্থান-পতনে আল্লাহ তাআলার কোনো ভূমিকা আছে কিনা। এ বিষয়ে কুরআনের সূরা আলে ইমরানের ২৬ নং আয়াতের ভিত্তিতে আলোচনা শুরু করতে চাই- “(হে নবী!) বলুন, রাজত্বের মালিক হে আল্লাহ! তুমি যাকে চাও তাকেই রাজত্ব দান কর, আর যার কাছ থেকে ইচ্ছা কর রাজত্ব কেড়ে নাও এবং যাকে চাও সম্মান দান কর, আর যাকে চাও অপমানিত কর।” এখানে আল্লাহ তাআলা দাবি করেছেন যে, সকল রাষ্ট্রক্ষমতার লাগাম তাঁরই হাতে রয়েছে। তিনিই সকল রাষ্ট্রক্ষমতার আসল মালিক। তিনি যাকে চান ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা করেন ক্ষমতা কেড়ে নেন। যাকে চান ইজ্জত দেন, যাকে চান অপমানিত করেন। এ কথা দ্বারা কী বোঝায়? আল্লাহ তাআলা কি ক্ষমতার উত্থান-পতনে সরাসরি হস্তক্ষেপ করেন? করলে কিভাবে তা করেন? এটা কি তাঁর খামখেয়ালী কোনো কারবার, নাকি এমন কোনো নিয়ম-নীতি রয়েছে, যা প্রয়োগ করে তিনি ক্ষমতা নিয়ন্ত্রণ করেন? পৃথিবীতে চিরকালই ক্ষমতার লড়াই চলছে। গণতান্ত্রিক দেশে নির্বাচনী লড়াই চলে। রাজতন্ত্রেও প্রাসাদে ষড়যন্ত্র হয় এবং ক্ষমতার রদবদল হয়। স্বৈরতন্ত্রে নির্বাচনের নামে প্রহসন চলে। কোথাও সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়। কোনো এলাকায় পৃথক স্বাধীন রাষ্ট্র কায়েমের আন্দোলন সফল হলে ক্ষমতার পরিবর্তন হয়। ক্ষমতার উত্থান-পতন বিচিত্র রূপে ঘটে থাকে। আমাদের আলোচ্য বিষয় হলো, এ ব্যাপারে আল্লাহ তাআলার কোনো ভূমিকা আছে কিনা। থাকলে এর রূপ কী? যদি না থাকে তাহলে তিনি উপরিউক্ত আয়াতে এমন দাবি করলেন কিভাবে?